৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

‘নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে’

Admin Published: August 1, 2025, 6:31 pm
‘নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি  পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে’

স্টাফ রিপোর্টার : দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে-উল্লেখ করে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কার্যক্রম শুরু করতে উচ্চ পর্যায়ে আলোচনা এবং প্রয়োজনীয় অনুমোদন জরুরি। তিনি বলেন, সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে, দ্রুতই এ বন্দরের কার্যক্রম শুরু হবে।

শুক্রবার রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাটের সংযুক্তির প্রয়োজন রয়েছে। এই কার্যক্রমে সরকারের একাধিক সংস্থা যুক্ত। তাই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা করে এগিয়ে নিতে হবে। তিনি বিষয়টিকে পজিটিভলি দেখছেন উল্লেখ করে বলেন, দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। নদীবন্দরগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন।

পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নদীবন্দরটি যাত দ্রুত বাস্তবায়িত হয়ে স্থানীয় অর্থনীতিতে গতি আনতে পারে সেজন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহায়তা কামনা করেন। 

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।