৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

অনুষ্ঠিত হলো রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা

Admin Published: March 1, 2025, 9:11 pm
অনুষ্ঠিত হলো রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা

ডিএনএন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে ৫০টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। ‘খাদ্য নিরাপত্তার স্বার্থে বরেন্দ্রের সেচের পানির অধিকার প্রতিষ্ঠা এবং ভূমির জটিলতা দূর করুন’ স্লোগানে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান।


‘রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় বেসরকারী সংস্থা সিসিবিভিও এই সভার আয়োজন করে। সভায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্য থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষেরা অংশ নেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।


সভায় প্রধান আলোচক ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র সভাপতি অধ্যাপক মো. আবদুস সালাম, সিসিবিভিও নির্বাহী সদস্য প্রসেন এক্কা ও মারজানা সাবিহা; সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, রাজাবাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফরুদ্দিন এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সরল এক্কা। অতিথিরা তাদের বক্তব্যে রক্ষাগোলা সংগঠন ও গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নতি কামনা করেন।