৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ওসমান হাদীর মৃত্যুতে বিএলডিপি’র শোক প্রকাশ

Admin Published: December 20, 2025, 10:27 pm
ওসমান হাদীর মৃত্যুতে বিএলডিপি’র শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি। গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান এম, নাজিমুদ্দিন আল আজাদ ও মহাসচিব মো. মনিরুজ্জামান স্বাধীন ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

বিবৃতিতে বলা হয়, উদীয়মান তরুণ নেতা ওসমান হাদীর মৃত্যুতে দেশ একজন সম্ভাবনাময় নেতৃত্বকে হারালো। রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তার জন্য এভাবে একটি সম্ভাবনাময় জীবনেকে শেষ করে দেয়া দুঃখজনক ও জাতির জন্য ক্ষতি। ওসমান হাদীকে হত্যার মাধ্যমে দেশে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণ উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে ওসমান হাদীকে হত্যা করা হয়েছে মর্মে বিবৃতিতে দাবী করা হয়।  

বিএলডিপির পক্ষ থেকে অবিলম্বে ওসমান হাদী হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে আহবান জানিয়ে বলা হয়, ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে কোন প্রকার নাশকতা সংঘটন বা আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা গ্রহনযোগ্য নয়। বিবৃতিতে সকল পক্ষকে শান্তি ও আইনের শাসন বজায় রাখার আহবান জানানো হয়।