স্টাফ রিপোর্টার : অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত, পেট্রোল টিমের সমন্বয় শক্তিশালী করণ ও গুরুত্বপূর্ণ রুট ও পয়েন্টে উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পেট্রোলিং ড্রিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান। অনুষ্ঠিত ড্রিলে আরএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ড্রিল চলাকালীন টহল দল নগরীর গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনবহুল এলাকায় মহড়া পরিচালনা করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
রাতে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা, জরুরি অবস্থায় রেসপন্স টাইম কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ড্রিলের আয়োজন করা হয়।
নগরীর লক্ষ্মীপুর মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, শিরোইল বাস টার্মিনাল, তালাইমারি মোড়, মনি চত্বর, গোরহাঙ্গা, নগরভবন, গণকপাড়া মোড়, ভদ্রা মোড়, আলুপট্টি এবং বর্ণালী মোড়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ড্রিল পরিচালনা করা হয়।
মহানগর পুলিশ জানায়, নগরবাসীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আরএমপি নিয়মিত মহড়া, টহল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই উদ্যোগ মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।