স্টাফ রিপোর্টার :ঢাকার শাহ আলী এলাকা থেকে অপহরণের ১৫ দিন পর কিশোরী গার্মেন্টসকর্মীকে নওগাঁর মান্দা থেকে উদ্ধার করেছে রাজশাহী র্যাবের সদস্যরা। এসময় অপহরণে অভিযুক্ত অমিত হাসান পলাশকে (২২) গ্রেফতার করা হয়েছে।
পলাশ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কামালপুর গ্রামের হাবিলের ছেলে। মঙ্গলবার দিবাগত গভীর রাতের আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। বুধবার তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজপ্তিতে জানানো হয়, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত পলাশ রাজধানীর শাহআলী থানাধিন একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই এলাকায় চাকরির সুবাদে পলাশ ওই কিশোরীকে প্রায় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই কিশোরী রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর মা শাহআলী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামালার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র্যাবও অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করা হয়। পরে ওই কিশোরীকেও উদ্ধার করা হয়।