৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

অভ্যুত্থানের খেলায় পাঁচ-দশ মিনিটে গোল দিয়ে অন্যকেউ হিরো হয়ে গেছে: ভিপি নুর

Admin Published: August 10, 2025, 11:05 pm
অভ্যুত্থানের খেলায় পাঁচ-দশ মিনিটে গোল দিয়ে অন্যকেউ হিরো হয়ে গেছে: ভিপি নুর

ডিএনএন ডেস্ক: “২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ ৯০ মিনিটের খেলার মধ্যে ৮৫ মিনিট খেলেছে, শেষ পাঁচ-দশ মিনিটে গোল দিয়ে অন্য কেউ আন্দোলনের নায়ক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১০ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত “আঠারো হতে চব্বিশ কোটা সংস্কার হতে রাষ্ট্রসংস্কার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 


নুরুল হক বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাকসু, চাকসু, জাকসু, ঢাকসুর নেতৃবৃন্দ অগ্রণী ভূমিকা রেখেছিলেন। কিন্তু নব্বইয়ের পর যারা ক্ষমতায় এসেছিল, তারা ছাত্র নেতৃত্বকে বিকশিত করার বদলে ছাত্র সংসদ বন্ধ করে দিয়েছিল। তারা ছাত্রদেরকে মেধাবী নেতৃত্বের পরিবর্তে গুন্ডা বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। এর ফলে ছাত্র রাজনীতি তরুণদের কাছে ঘৃণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে ফ্যাসিস্টরা এই দেশের ক্ষমতায় বসেছিল এবং সংসদের গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ব্যক্তিদের বসিয়ে রেখেছিল।  


সাবেক ডাকসুর ভিপি বলেন , বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এক ধরনের অনিশ্চয়তা বা কালো মেঘের ঘনঘটা বিরাজ করছে। নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য মানুষের অভাব রয়েছে, এবং এই পরিস্থিতিতে ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। কারণ  এই সংগঠন কোন নির্দিষ্ট আদর্শিক বা ধর্মভিত্তিক দল নই। এটি একটি উদারপন্থী রাজনৈতিক ধারার রাজনীতি করতে চায়।


প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ১৮ এবং ২৪ সালের কোটা আন্দোলনই প্রমাণ করে যখনই শিক্ষার্থীরা নিপীড়নের শিকার হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ২৪ সালের অভ্যুত্থানে এই বিশ্ববিদ্যালয়ে যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা ছিল উল্লেখযোগ্য।


রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন , অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কেবল সংস্কারের রূপরেখা দিচ্ছে, কিন্তু তার বাস্তবায়ন চোখে পড়ছে না। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের স্বপ্ন দেখলেও, এ খাতে বরাদ্দ অত্যন্ত কম।


ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ'র সঞ্চালনায় আরও বক্তব্য দেন- ১৮ এর কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মাসুদ মোন্নাফ, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি নাঈমুল ইসলাম নাইম, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিফুল ইসলাম সোহান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।