৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পাবনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহত

Admin Published: November 16, 2024, 5:06 pm
পাবনায় বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা নিহত

পাবনা প্রতিনিধি : পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মৎস্যজীবী দলের সাবেক নেতা জালাল উদ্দিন (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।


শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রাজশাহী নেয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। নিহত জালাল উদ্দিন হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে।


পাবনা সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আজম প্রামানিক বলেন, নিহত জালাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামি জলসা নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়।


সেই সূত্র ধরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেম গ্রুপের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান। আহতদের নাম পরিচয় জানা যায়নি।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আইন শৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'