স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত এক কর্মশালায় পানির সংকট মোকাবিলায় আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার জেলার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পানি সম্পদের টেকসই ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা, ২০১৮ অবহিতকরণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি।
অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান।
কর্মশালায় ওয়ারপো পরিচালিত একটি সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে পবা উপজেলার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের চিত্র উঠে আসে। এই সমীক্ষার পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। এছাড়াও কর্মশালায় প্রাপ্ত সুপারিশগুলো একত্রিত করে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওয়ারপো মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, শুধু আইন দিয়ে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব নয়। এরজন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন ওয়ারপোর পরিচালক শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি পানি আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।
ওয়ারপোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন পানি আইন ও বিধিমালা এবং পবা উপজেলার ওপর পরিচালিত সমীক্ষার বিস্তারিত ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, পবার বিভিন্ন এলাকায় পানি সংকট ও দূষণের যে চিত্র পাওয়া গেছে, তা মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে জরুরি পদক্ষেপ প্রয়োজন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা পবা উপজেলার পানি সংকট নিরসনে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম পানির অপচয় রোধে প্রতিটি বাড়িতে মিটার স্থাপন এবং নদী ও খাল পুনঃখননের মাধ্যমে ‘ওয়াটার রিজার্ভ’ বা জলাধার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, পানি সংকট মোকাবিলায় স্থানীয় সরকার এবং পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সংস্থাগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা এমএ মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, বাঁচার আশা সাংস্কৃতিক সংঘের সভাপতি মোস্তফা সরকার বিজলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।