৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

পারভেজ হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

Admin Published: April 22, 2025, 12:00 am
পারভেজ হত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

রাবি প্রতিনিধি : বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পারভেজকে হত্যায় প্রতিবাদ মিছিল এবং  মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে তারা।


কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, জুলাইয়ের এই অভ্যুত্থানকেএকটি কুচক্রী মহল ছিনিয়ে নিয়েছে যারা সচিবালয়ে বসে আইন জারি করেছে। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করে নির্যাতিত হওয়া ছাত্রদল নেতাকে তারা হত্যা করেছে। এ জবাব বাংলাদেশে অচিরেই দেওয়া হবে।


এসময় রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বৈষম্য বিরোধী নামক একটি রাজনৈতিক সংগঠন আমাদের মেধাবী ছাত্র পারভেজকে নৃশংসভাবে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ সিসিটিভি ফুটেজের মাধ্যমে তা দেখেছে। দেশের প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে এই সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এ দুই সংগঠনে কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই। এতে পলাতক খুনি হাসিনার দোসর এবং গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে । আমরা বলতে চাই অনতিবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা না করলে ছাত্রদল আবার রাজপথে নামতে বাধ্য হবে। 


রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুল হকের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ, আহ্বায়ক বুলবুল আহমেদ, এম এ তাহের রহমান, মারুফ হোসেন, রাবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রেজা আশিক প্রমূখ। কর্মসূচিতে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।