৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পবার ৮০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল দুটি করে ছাগল

Admin Published: November 18, 2025, 12:47 pm
পবার ৮০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল দুটি  করে ছাগল

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে ছাগল ও বাসস্থানে ব্যবহারের জন্য ফ্লোরম্যাট বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দফতর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ডিটিএলপি প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ছাগল ও ফ্লোরম্যাট বিতরণ করা হয়। উপজেলার ৮০ জন সুফলভোগীর প্রত্যেককে দুটি করে মোট ১৬০টি ছাগল এবং বাসস্থানের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ছাগল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কাছে আমানত স্বরূপ। তাই এই ছাগলগুলো লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে সুফলভোগীরা স্বাবলম্বী হতে পারবেন। এগুলো বিক্রি বা জবাই করা যাবে না—এই শর্তেই বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, যাচাই-বাছাই করে প্রতিটি ছাগলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিতরণের পর ১৪ দিনের মধ্যে কোনো ছাগল অসুস্থ হলে কিংবা মারা গেলে আমরা তা পরিবর্তন করে দেব। তিনি আরও জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেই এই প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করা হবে। এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।