স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় পদ্মানদীর ওপারে বন্যাকবলিত চর খিদিরপুর ও চর খানপুর এলাকায় সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেছে নাবিল গ্রুপ। বৃহস্পতিবার দিনভর ত্রানের প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল ও আলুর সমন্বয়ে ১০ কেজি পরিমাণ খাদ্য দ্রব্য দেওয়া হয় বন্যার্তদের।
খাদ্য সামগ্রী বিতরণকালে নাবিল গ্রুপের পরিচালক মামুনুর রশিদ এবং জিএম (এডমিন) মোহাম্মাদ তৌফিক উজ জামান, সাপ্লাই চেইন বিভাগের সিনিয়র ম্যানেজার শরীফ আল হাসান এবং সিকিউরিটি ইনচার্জ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
নাবিল গ্রুপ জানায়, দেশের অন্যতম বৃহৎ কৃষি ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সম্প্রতি পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় সংঘটিত বন্যায় রাজশাহীর পবা, গোদাগাড়ীসহ পার্শ্ববর্তী অঞ্চল সমূহের মানুষ মানবেতর জীবন যাপন করছে।
বিষয়টির গুরুত্ব বিবেচনায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম দুর্গত এলাকায় ২০ হাজার ব্যাগ খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এর অংশ হিসেবে গত ১৭ আগস্ট গোদাগাড়ীসহ পার্শ্ববর্তী অঞ্চল চর-আলাতুলি, রেলবাজার ঘাট এবং মহিশাল বাড়ি এলাকায় প্রায় ৮ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।