৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

পবার পারিলায় এবার চালু হলো ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

Admin Published: August 1, 2025, 1:58 pm
পবার পারিলায় এবার চালু হলো ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

স্টাফ রিপোর্টার : তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নে চালু হলো ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’।উপজেলার হড়গ্রাম ও দর্শনপাড়া ইউনিয়নের সাফল্যের পর এবার পারিলা ইউনিয়ন পরিষদ ভবনে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই কেন্দ্র স্থাপন করা হলো। এর মাধ্যমে গ্রামের শিক্ষার্থীরা নামমাত্র খরচে কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক আধুনিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে পারিলা ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে  প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তিকে জানতে হবে। ডিজিটাল দক্ষতা ছাড়া এখন কোনো তরুণই নিজের জায়গা করে নিতে পারবে না। গ্রামের তরুণদের প্রযুক্তি জ্ঞান দিয়ে গড়ে তোলার জন্য ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এক যুগান্তকারী পদক্ষেপ।

তিনি আরও বলেন, এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা সরকারি-বেসরকারি চাকরির জন্য প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন করবে। এমনকি প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। একে শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে না দেখে, ভবিষ্যৎ কর্মসংস্থানের মূলভিত্তি হিসেবে দেখার সময় এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। তিনি বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। ইউনিয়ন পরিষদে বসে শিক্ষার্থীরা এখন প্রযুক্তি শিখতে পারবে—এটা চিন্তা করাও কঠিন ছিল একসময়। আমরা চাই, কেউ পিছিয়ে না থাকুক। তাই এই প্রশিক্ষণ কেন্দ্র দরিদ্র শিক্ষার্থীদের জন্য এক নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পবা উপজেলায় হড়গ্ৰাম ও দর্শনপাড়া ইউনিয়নে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের আগ্ৰহ লক্ষ্য করা যাচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থায়নে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়েছে। কেন্দ্রটিতে একসঙ্গে ২০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে পারবে। এটি আধুনিক কম্পিউটার, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য মাল্টিমিডিয়া উপকরণে সুসজ্জিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির এবং পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন, প্রশিক্ষণ কেন্দ্রটি গ্ৰামের তরুণ সমাজের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে আমরা স্থানীয় চাহিদা ও প্রয়োজনীয়তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।