স্টাফ রিপোর্টার : পড়াশোনায় ধারাবাহিক সাফল্য এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহীর পবা উপজেলার ৩৮ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিমের অধীনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে সোমবার (২৮ জুলাই) ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাতে দেওয়া হয়েছে আর্থিক অনুদানও। এই অনুদানের অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। এসএসসি পর্যায়ের কৃতী শিক্ষার্থীরা প্রত্যেকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ২৫ হাজার টাকা করে পেয়েছেন।
পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোহা. আবদুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোহা. আবদুর রশিদ বলেন,“এই গ্রান্ট কেবল অর্থনৈতিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশার প্রতীক। যারা এই পুরস্কার পেয়েছে, তারা মেধা ও পরিশ্রম দিয়ে নিজেদের প্রমাণ করেছে। এরাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে, ভবিষ্যতের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের সভাপতি ও পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, এ ধরনের সম্মাননা শুধু শিক্ষার্থীদের নয়, এটি পুরো শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক বার্তা। আমরা চাই পবা উপজেলা রাজশাহীর মধ্যে একটি মডেল শিক্ষাক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। এই মেধাবীরাই সেই যাত্রার পথিকৃৎ। তিনি আরও বলেন, এই স্বীকৃতি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করবে এবং ঝরে পড়ার হার কমাতে সহায়ক হবে।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। অন্যদের মধ্যে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন প্রামাণিক শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী,অভিভাবক, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার এবং পরিচালনা পর্ষদের সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।