স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।
এসময় বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন জানান, চলতি বছর বোরো মৌসুমে হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে প্রণোদনার আওতায় ৫ শো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে প্রণোদনা দেওয়া হবে। এ ধান বীজ বিতরণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছি। হাইব্রিড বোরো বীজতলা তৈরীর জন্য দ্রুত এসব ধান বীজ বিতরণ সম্পন্ন করা হচ্ছে। এতে উপজেলায় হাইব্রিড ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে। সেই সাথে বাড়বে হাইব্রিড ধানের উৎপাদন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম জানান, ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে দুই কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হচ্ছে। এবছর লাল তীর হাইব্রিড টিয়া এইচটিএম-৭০৭ ও সুপার হাইব্রিড এসএল-৮ এইচ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের চারা ২১ থেকে ২৫ দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘাপ্রতি ফলন প্রায় ৩৫ থেকে ৩৬ মণ আশা করা যায়।
তিনি আরো জানান, গত ২০২৩-২৪ অর্থবছরে ৩৫০০ কৃষককে হাইব্রিড বীজ বিনামূল্যে দেওয়া হয়েছিল, এতে ৪৬৭ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি পেয়েছিল এবং ২৭১৮টন চাল উৎপাদন বেড়েছিল।