৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পদ্মার চরে জীবাশ্ম জ্বালানির প্রভাব নিয়ে ব্যতিক্রমি ক্যাম্পেইন

Admin Published: November 18, 2024, 4:42 pm
পদ্মার চরে জীবাশ্ম জ্বালানির প্রভাব নিয়ে ব্যতিক্রমি ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার : জীবাশ্ম জ্বালানির প্রভাব ও অর্থনৈতিক ন্যায়বিচার নিয়ে রাজশাহীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনে নারীরা রাজশাহী শহর সংলগ্ন পদ্মা নদীর চরে কলস নিয়ে গিয়ে জীবাশ্ম জ্বালানির প্রভাব সম্পর্কিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এবারের জি-২০ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং টেকসই পৃথিবী গঠন’ ধারণ করে রাজশাহীতে এই ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)।

ক্যাম্পেইনের মাধ্যমে তারা বিশ্ব নেতাদের কাছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের প্রয়োজনীয়তা এবং অর্থনৈতিক ন্যায়বিচার নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য দেন, বেসরকারি সংস্থা পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, প্রোগ্রাম অফিসার সোমা হাসান, সাংবাদিক আজহার উদ্দিন ও সজল মাহমুদ।

রাশেদ রিপন জানান, ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করা। বক্তারা আন্তর্জাতিক পর্যায়ে জীবাশ্ম জ্বালানি বিনিয়োগের ক্ষতিকর প্রভাবগুলো সমাধানের জন্য আহ্বান জানান এবং টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য অর্থনৈতিক নীতি পরিবর্তনের দাবি তোলেন।