স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী এলাকায় আত্মীয়ের মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫ টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।
মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)। তার বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের মরদেহ উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা এই মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এ পারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। এ সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনার পর বাকিরা সাঁতরে পাড়ে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকা ডুবে মারা যাওয়া জিতেনের মরদেহ সৎকার করার অনুমতি দেওয়া হয়েছে। বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালাচ্ছিলেন। তবে তখনও পর্যন্ত তীব্র স্রোতের কারণে দুজনকে খুঁজে পাওয়া যায়নি।