৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পদত্যাগের বিষয়ে খোলাসা করলেন উপদেষ্টা আসিফ

Admin Published: November 9, 2025, 9:19 pm
পদত্যাগের বিষয়ে খোলাসা করলেন উপদেষ্টা আসিফ

ডিএনএন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোনো দলে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি, এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।


রোববার (৯ নভেম্বর) বিকালে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


পদত্যাগ ইস্যুতে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করব, সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।


তিনি বলেন, ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেন অপচয় না হয়।


সাংবাদিকরা জানতে চাইলেন যে কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচন কোথা থেকে করব, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা নিশ্চিত, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেব।


রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখল, সেটি আমার দেখার বিষয় নয়। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করব।