স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পেয়ারার বাগান থেকে একটি গাজার গাছ জব্দ করেছে পুলিশ। জেলার পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট লম্বা গাঁজার গাছটি উদ্ধার করা হয়। গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশের একটি দল দূর্গা পারিলা এলাকার ওই পেয়ারা বাগানে অভিযান চালায়।
পুলিশ জানায়, আটক মাজেদ আলী দূর্গা পারিলা এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। সে তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলো। গাছটি প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে। স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে।
পুলিশ তাদের জানায়, জব্দ করা গাঁজা গাছটি থেকে প্রাপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার অধিক।
এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল। তবে এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশার কারণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে ধারণা করছেন তারা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, দূর্গা পারিলা এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।