৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

Admin Published: January 13, 2025, 6:00 pm
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

ডিএনএন ডেস্ক: নিয়োগ দেওয়ার ১১ দিন পর সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁদের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।


পিএসসির সদস্যপদ বাতিল করা ব্যক্তিরা হলেন— অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী এবং অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান। 


প্রজ্ঞাপন বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। তাঁরা এখনো পিএসসির সদস্য হিসেবে শপথ নেননি।


গত ২ জানুয়ারি পিএসসির সদস্য হিসেবে এই ছয়জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ জানুয়ারি তাদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু ৮ জানুয়ারি রাতে তাদের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়।