৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পদ্মা দখলমুক্ত করার দাবি

Admin Published: September 29, 2025, 2:15 pm
প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় রাজশাহীর পদ্মা দখলমুক্ত করার দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা নদীকে বাঁচাতে অবিলম্বে পদ্মার অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন, বর্জ্য ও পলিথিন অপসারণের দাবি জানিয়েছেন পবিরেশবাদীরা। বিশ্ব নদী দিবস উপলক্ষে সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। এতে নগরীর ৫০ থেকে ৬০ জন পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলার সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, বাপা রাজশাহী জেলার ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী সম্রাট রায়হান এবং সাংবাদিক ও সমাজসেবক মো. অলিউর রহমান বাবু।

বক্তারা বলেন, পদ্মা নদী শুধু রাজশাহীর জীবন-প্রকৃতি নয়, এই অঞ্চলের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধেরও অংশ। পদ্মা নদী উদ্ধার হলে রাজশাহী যানজটমুক্ত ও পরিবেশবান্ধব আধুনিক শহরে রূপ নিতে পারবে। বক্তারা আরও বলেন, দেশের প্রায় সব নদ-নদী এখন দখল ও দূষণের কবলে। অবৈধ স্থাপনা এবং দখল-দূষণের কারণে পদ্মার স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে পদ্মার অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন, বর্জ্য ও পলিথিন অপসারণের দাবি জানান বক্তারা। তাঁদের মতে, নদী টিকলে পরিবেশ টিকবে; আর নদী বাঁচলে পরিবেশও বাঁচবে।