৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিলেন আরএমপির ৩০ সদস্য

Admin Published: July 16, 2025, 6:44 pm
প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নিলেন আরএমপির ৩০ সদস্য

স্টাফ রিপোর্টার :রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০ জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার আরএমপির সদর দফতরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আরএমপির ট্রেনিং স্কুলে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণটির যৌথ আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণটি পরিচালনা করে আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, পুলিশ হলো প্রথম সাড়া দানকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আইসিআরসিকে (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস) ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কিংবা জরুরি প্রয়োজনে এই জ্ঞান তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রয়োগ করতে পারবে।  

সমাপনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশর উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইসিআরসি’র ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা.ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহা উপস্থিত ছিলেন।