১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি শুরু

Admin Published: October 16, 2026, 6:27 pm
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মাদ্রাসা মাঠে প্রস্তুতি শুরু

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে জনসভার প্রস্তুতি দেখতে নগরের মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কারসহ সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় মঞ্চ নির্মাণসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকনির্দেশনা দেন তিনি।


পরিদর্শন শেষে মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে তাঁরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন, এটি নগরবাসীর জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।



রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাসিকের পক্ষ থেকে নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। সড়ক বিভাজকের আইল্যান্ড রং করা, প্রয়োজনীয় সড়ক সংস্কারসহ নগরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।



সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন এবং আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।


পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন ও এবিএম আসাদুজ্জামান এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।