৯ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

প্রেমতলীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু

Admin Published: October 11, 2025, 12:10 am
প্রেমতলীতে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শুরু

স্টাফ রিপোর্টার :রাজশাহীর প্রেমতলীতে শুরু হয়েছে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসবের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। রীতি অনুযায়ী, বাংলা কার্তিক মাসের প্রথম তিন দিন ভক্তদের নাম-প্রার্থনা ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে শুরু হয় এ মহোৎসব। এবারো যথারীতি শুরু হয়েছে এ উৎসব। বৈষ্ণব ধর্মাচারে বিশ্বাসী দেশ-বিদেশের সন্ন্যাসভক্তদের পদচারণায় মুখরিত হয়েন উঠেছে খেতুরীধাম।

উৎসবকে ঘিরে খেতুরীধামে বসেছে ঐতিহ্যবাহী মেলা। এতে ধর্মীয় উপকরণ ছাড়াও পাওয়া যাচ্ছে সৌখিন ও বাহারি খাদ্যসামগ্রী, পোশাক, ব্যবহার্য, গৃহস্থালি, কারু-চারু ও কামার-কুমারের তৈরি পণ্যসহ নানাবিধ দ্রব্য।

খেতুরীর মেলা মূলত সন্ন্যাসীদের মিলনমেলা হলেও অহিংসা ও মানবপ্রেমে বিশ্বাসী অন্যান্য ধর্মের অনুসারীরাও সমানভাবে অংশ নেন এই উৎসবে।

রাজশাহীর খেতুরীধাম ট্রাস্টি বোর্ডের সম্পাদক শ্যামাপদ সান্যাল বলেন, শত শত বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিমসহ অন্যান্য ধর্মের মানুষও এখানে আসেন। এবারও ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় সুষ্ঠুভাবে তিরোভাব মহোৎসব সম্পন্ন হবে বলে আশা করছি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ঐতিহ্যবাহী এই উৎসবটি যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের দিকনির্দেশনা ও সহযোগিতাও রয়েছে।