১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

‘পরিবেশের উপকারী সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণে গুরুত্বারোপ’

Admin Published: August 23, 2025, 5:57 pm
‘পরিবেশের উপকারী সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণে গুরুত্বারোপ’

স্টাফ রিপোর্টার :রাজশাহীতে অনুষ্ঠিত সর্প দংশন সচেতনতা এবং সর্প উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।শনিবার বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। 

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম (এনবিসিএফ) এবং বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)  যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সম্পর্কে জানানো হয়। 

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সুপার নিউমেরারি অধ্যাপক ড. ফরিদ আহসান, বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার এবং ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সমন্বয়কারী আফজাল হোসেন।

এছাড়া রুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নিয়ামুল বারী, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামান, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফিরোজ আলী, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া আখতার ও পুরকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। 

কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মো. আবু সাইদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন বিবিসিএফ সভাপতি জিয়াউর রহমান। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুুনায়েদ আহমেদের পরিচালনায় কর্মশালায় বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, বিগত ৩ বছরে সাপেকাটা রোগির সংখ্যা ও পরিসংখ্যান বর্ননা করা হয়। এছাড়া সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, এন্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্প দংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করা হয়।