১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

পরিকল্পিত উন্নয়নে নাগরিক জীবনমানের উন্নতি সম্ভব : এমপি চাঁদ

Admin Published: August 6, 2026, 10:52 pm
পরিকল্পিত উন্নয়নে নাগরিক জীবনমানের উন্নতি সম্ভব : এমপি চাঁদ

নুরুজ্জামান, বাঘা : পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা গেলে পৌর এলাকার নাগরিকদের জীবনমান আরও উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহীর বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য আবু সাঈদ চাঁদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বাঘা পৌরসভার আয়োজনে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(আইইউজিআইপি)-এর আওতায় পাঁচটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


আবু সাঈদ চাঁদ বলেন, আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। তিনি বলেন, বাস্তবায়নাধীন প্রকল্পগুলো শেষ হলে সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উল্লেখযোগ্য উন্নয়ন হবে। এতে পৌরসভার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা এবং বাঘা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদ্দুজ্জামান আসাদ। তিনি বলেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসনে, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,  সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,  বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল ও বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা ।


সভায় উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ এবং যুবদল নেতা সালেহ আহম্মেদ সালাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।এ ছাড়াও বিভিন্ন দৈনিকের গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


বাঘা পৌরসভা সূত্র জানায়, আইইউজিআইপি প্রকল্পের আওতায় পাঁচটি উন্নয়ন কাজ বাস্তবায়নে মোট চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাঘা পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তাঁরা মন্তব্য করেন।