৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

প্রতারণার অভিযোগে বাগমারায় তিজারার এমডি হালিম গ্রেফতার

Admin Published: December 26, 2025, 6:00 pm
প্রতারণার অভিযোগে বাগমারায় তিজারার  এমডি হালিম গ্রেফতার

স্টাফ রিপোর্টার : অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে ফেরত না দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীর বাগমারার আঁততিজারা লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক আবদুল হালিমকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী শহরের একটি বাড়িতে মহানগর পুলিশের সহযোগিতায় বাগমারা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। হালিম উপজেলার গণিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামের মোবারক হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে আঁত তিজারা লিমিটেড নামের একটি এনজিওর এমডি।

বাগমারা থানার এসআই আবু জাহিদ শেখ জানান, উপজেলার দক্ষিণ মাঝগ্রামের আনোয়ারা বেগম নামের এক নারী প্রতারনার অভিযোগে মামলা করেন। তার কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে দুই দফায় সাত লাখ টাকা গ্রহণ করে তিজারার আবদুল হালিম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আমানত বা লাভের টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা চাইলে উল্টো হুমকি দেওয়া হয়। নিরুপায়ে তিনি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল।

স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে জেএমবির সাথে জড়িত থাকা ছাড়াও কৃষক দলের নেতা মেজবাহুল হক দুলুর জমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গ্রাহকের আমনত নিয়ে ফেরত না দিয়ে হুমকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।