স্টাফ রিপোর্টার : ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’র বিরুদ্ধে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কঠোরভাবে কাজ করায় কোরবানীর হাটে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, ছিনতাই বা চাঁদাবাজি রোধে আরএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে একযোগে কাজ চলছে।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বুধবার নগরবাসীর নিরাপদ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে রাজশাহীর সিটি পশুহাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলন তিনি। তিনি বলেন, হাটে জাল টাকা শনাক্তকরণ ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে। তাদের পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হয়েছে এবং ব্যাংকের পক্ষ থেকে বুথ স্থাপন করা হয়েছে।
এর আগে পুলিশ কমিশনার সিটি হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। হাটের আইনশৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, হাটের সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত সন্তোষজনক। সিটি হাটসহ আরএমপি’র আওতাধীন ১২টি হাটে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় বিশেষভাবে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি হাটেই তা স্থাপন নিশ্চিত করা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশ ছাড়াও সাদা পোশাকে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
এসময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।