৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা আরএমপিকমিশনারের

Admin Published: July 23, 2025, 6:22 pm
পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা আরএমপিকমিশনারের

স্টাফ রিপোর্টার : নগরবাসীর আস্থা অর্জনে পুলিশের প্রতিটি সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। একই সঙ্গে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মানবিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার আরএমপি সদর দফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ সংক্রান্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। এসময় পুলিশ কমিশনার আবু সুফিয়ান পুলিশ সদস্যদের আরও মনোযোগী হয়ে কাজ করার তাগিদ দেন।

সভায় নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করে সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিস্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজি এবং অবৈধ দখল দমনে নেওয়া পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়।

মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগর পুলিশ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে, তিনি যে কোন গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। এছাড়া শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নানা বাস্তবধর্মী কৌশল প্রণয়ন করা হয়।

সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিরা উপস্থিত ছিলেন।