স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে পুঠিয়ায় এবং মঙ্গলবার দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুজন (২৬) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়। দুপুরে দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক সুজন চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানান, দুর্গাপুর থেকে শিবপুর অভিমূখী অটোভ্যানকে একই দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫) ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।
এর আগে সোমবার রাত ৮ টার দিকে পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে শাহীন (২২) ও দেলোয়ার (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের সাইদের ছেলে। দেলোয়ার একই গ্রামের আফসার আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, দুই যুবক মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন তারা। মোটরসাইকেল চালক শাহীনের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে গেলে তার মাথা থেঁতলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।