স্টাফ রিপোর্টার :রাজশাহীর পুঠিয়ায় আশ্রায়ণ প্রকল্পের টয়লেট থেকে হাবিবা বেগম (২৯) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কান্দ্রা আশ্রায়ণ এলাকার টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়। হাবিবা বেগম ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন জানান, হাবিবা বেগম ঈদের পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে এখানেই অবস্থান করছিলেন। ভোররাতে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে টয়লেটের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি জানান, ওই নারী শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মানসিক সমস্যাও ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।