স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তার অনুসারীরা। শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
‘পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের জনসাধারণের’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন শিক্ষা প্রতিষ্ঠানটিকে দলীয় কার্যালয় বানিয়েছিলেন। শিক্ষার পরিবর্তে সেখানে প্রতিদিন চলতো আওয়ামী লীগের মিছিল মিটিং আর বিএনপি নিধনের পরিকল্পনা।
তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পরে স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে ঢুকতে দেয়নি। এরই জের ধরে বিএনপির ‘ত্যাগি’ নেতা আনোয়ারুলকে বহিষ্কার করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। নইলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা ঘোষণা দেন।
বহিস্কৃত বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম বলেন, আমাকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। এটি খুবই দুঃখজনক। আওয়ামী লীগের দোসরদের পূর্নবাসন করতে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেনকে বিদ্যালয়ে যেতে না দেওয়ার অভিযোগে গত বুধবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।