৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

Admin Published: November 28, 2025, 5:15 am
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় শারিরিক প্রতিবন্ধী তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার আজিজুল উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। বুধবার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর টিআইসি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ভিকটিম প্রতিবন্ধী তরুণীর মা-বাবা ও ভাই ঢাকায় থাকেন। আর তরুণী গ্রামের বাড়িতে দাদির কাছে থাকেন। আসামি আজিজুল মোল্লা সম্পর্কে তার চাচা। গত ২২ অক্টোবর দুপুরে ওই তরুণীর দাদি বাড়িতে ছিলেন না। এ সুযোগে আজিজুল মোল্লা তরুণীকে ধর্ষণ করে। এ কথা কাউকে না বলার জন্য নানারকম ভয়ভীতি দেখিয়ে আজিজুল সেদিন চলে যান। পরে বিভিন্ন সময় ওই তরুণীকে ধর্ষণ করে আজিজুল। একপর্যায়ে ওই তরুণীর দাদি ঘটনা জানতে পেরে তার মা-বাবকে জানায়। এ ঘটনার পর তরুণীর মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর পুঠিয়া থানায় একটি মামলা করেন।

মামলার পর থেকে আসামি আজিজুল আত্মগোপনে ছিলো। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।