স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রতিপক্ষ বিএনপি নেতার হামলার ১২ দিন পর সাবেক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারার চাচাতো ভাই মফিজুল ইসলাম টুলুর (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মফিজুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ছিলেন। গত ১ জুন পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক তার ওপর হামলা চালিয়েছিলেন বলে স্বজনদের অভিযোগ।
মফিজুল ইসলামের চাচাতো ভাই সাবেক সেনাসদস্য মো. রতন জানান, হাতিনাদা গ্রামে মফিজুল ইসলামের একটি পুকুর ইজারা নেওয়া আছে। পুকুরটি বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলামের স্বজনদের। পুকুর ইজারার মেয়াদ এখনও আছে। কিন্তু তারপরও টাকা দাবি করে আসছিলেন রফিকুল। সর্বশেষ ১ জুন মফিজুল ইসলাম ওই পুকুরে গেলে রফিকুল ইসলাম ও তার ছেলেরা আবারও টাকা চান। মফিজুল ইসলাম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। পরে তার মোটরসাইকেলটি কেড়ে নেওয়া হয়। বুধবার রফিকুলের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
রতন আরো জানান, হামলার পর মফিজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তারপর ছুটি দেওয়া হলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। এরপর আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার তাকে ছুটি দেওয়া হয়েছিল। বাড়ি আসার পর সন্ধ্যায় আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সেখানে তিনি মারা যান। হামলা ও অপদস্থ করার কারণে মফিজুলের মৃত্যু হয়েছে বলে তারা মনে করেন।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন জানান, বুধবার দুপুরে মফিজুলের মোটরসাইকেলটি ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মফিজুলের মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। পরিবার অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।