১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

রাবি, রুয়েট ও পাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Admin Published: August 24, 2025, 6:07 pm
রাবি, রুয়েট ও পাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: নবম ও দশম গ্রেডে নিয়োগ সংক্রান্ত বৈষম্য নিরসন ও বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ‘রাজশাহী বিভাগীয় ইঞ্জিনিয়ারগণ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় রুয়েট শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাবির প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে তারা দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যান। অবরোধকালে  রুয়েট, রাবি ও পাবিপ্রবি’র প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, নবম গ্রেডে কোনো কোটা ছাড়াই শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে, দশম গ্রেডের নিয়োগ সকলের জন্য উন্মুক্ত করতে হবে এবং সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন করার সুযোগ থাকতে হবে। একইসঙ্গে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং ডিপ্লোমাধারীদের জন্য ‘টেকনিশিয়ান’ পদবি নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের প্রকৌশল খাত দীর্ঘদিন ধরে ভয়াবহ সংকট ও বৈষম্যের শিকার। রাজনৈতিক প্রভাব ও সহিংস আন্দোলনের মাধ্যমে ডিপ্লোমাধারী সিন্ডিকেট প্রকৌশল ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে। ফলে দেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবী বিএসসি ইঞ্জিনিয়াররা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, দশম গ্রেডকে উন্মুক্ত রেখে নবম গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। প্রমোশনের মাধ্যমে নবম গ্রেডে আসা অন্যায়। এতে ইঞ্জিনিয়ারিং সেক্টর মেধাশূন্য হয়ে পড়ছে এবং প্রকৃত শিক্ষার্থীদের অধিকার হরণ হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা আজ ন্যায্য দাবিতে রাজপথে নেমেছে। আমরা চাই তারা দ্রুত শ্রেণিকক্ষে ফিরে যাক। তবে এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।