রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’- ব্যানারে এ কর্মসূচি পালন করে তারা। পাশাপাশি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বৈষম্য নিরসনে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়নের দাবি জানায় তারা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আজকে যদি ৫ আগস্ট না আসতো এবং আওয়ামী সরকারের পতন না হতো, তাহলে যে শিক্ষাগুলো আমাদের সঙ্গে আন্দোলন করে এখন প্রশাসনে বসে আছে, তাদের ব্যবস্থা আওয়ামী শিক্ষকরা কি করতো? তারা এত সহনশীলতা দেখাতো না। যে শিক্ষকরা-শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের প্রত্যেকের অবস্থা খারাপ হতো। অথচ বিপ্লবের দীর্ঘ প্রায় নয় মাস পার হলেও আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়নি। তারা এখনও বহাল তবিয়তে আছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই দ্রুত তাদের অপসারণ করতে হবে।
কর্মসূচিতে শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী শিক্ষক হবে সেটা এই আওয়ামী সিন্ডিকেট নির্ধারণ করে দিবে না। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নির্ধারণে আওয়ামী সিন্ডিকেটের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। এই প্রশাসন রাতের বেলায় আওয়ামী সিন্ডিকেটের সঙ্গে মিটিংয়ে বসে, আর দিনের বেলায় বয়ান দেয় যে তারা আওয়ামী বিরোধী। তা মেনে নেওয়া হবে না।
কর্মসূচিতে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, শাখা ছাত্রমিশনের সভাপতি জিএ সাব্বির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক আকিল বিন তালেব, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আলী প্রমুখ । এসময় বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।