রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি-পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে রাবি'র ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়৷
ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের সামনে গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব৷ এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ ।
আজ সি ইউনিটের পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন। প্রথম শিফটে ৪৮ হাজার ১১০ জনের মধ্যে রাবি কেন্দ্রে ১২ হাজার ৬১৯ জন; ঢাবি কেন্দ্রে ২১ হাজার ৬৫৮ জন; বেরোবি কেন্দ্রে ৬ হাজার ৭৬৭ জন; খুবি কেন্দ্রে ৪ হাজার ১৪৩ জন ও চবি কেন্দ্রে ২ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.২৮।
দ্বিতীয় শিফটে ৫০ হাজার ৭১০ জনের মধ্যে রাবি কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ১২ হাজার ৬১৯ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১ হাজার ৫৮২ জন; ঢাবি কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২১ হাজার ৬৫৮ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৬৮ জন; বেরোবি কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৬ হাজার ৭৬৬ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৪৩১ জন; খুবি কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ৪ হাজার ১৪২ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ১৮৭ জন; চবি কেন্দ্রে বিজ্ঞান গ্রুপের ২ হাজার ৯২৩ জন ও অ-বিজ্ঞান গ্রুপের ৩৪ জন পরীক্ষার্থী ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির শতকরা হার ছিল ৮৮.১১।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে এবার ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও পাচঁটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রসমূহ হলো -ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।