রাবি প্রতিনিধি: যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরায়েল সাম্রাজ্যবাদী শক্তির বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ করেছেন চার ছাত্রসংগঠনসহ সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা চত্বরে এ ঘটনা ঘটে।
ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করতে হবে। গণহত্যা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের বেলায় জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ কেন নেই? গণহত্যার অপরাধে সন্ত্রাসী নেতানিয়াহুর আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।
শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ইসরায়েল বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নিরীহ শিশুসহ চারশোর অধিক ফিলিস্তিন হত্যা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যালেস্টাইনে টুরিস্ট স্পট গড়ে তুলতে চায় কিন্তু সে দেশের জনগণকে চায় না। এই পুঁজিবাদের কাছে জিম্মি পুরো বিশ্ব। এই সম্রাজ্যবাদ ও পুঁজিবাদী আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানাই।
বিক্ষোভে ছাত্র ইউনিয়ন (মার্কবাদী), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
বিক্ষোভে নেতৃবৃন্দ- মার্কিন সাম্রাজ্যবাদ, ধ্বংস হোক, নিপাত যাক; 'যুদ্ধ বিরতিতে হামলা করে, জাতিসংঘ কি করে?' 'ফিলিস্তিনে হামলা কেনো, জাতিসংঘ জবাব চাই' ইত্যাদি শ্লোগান দেন।