৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাবিতে জুলাই উইমেনস ডে পালিত

Admin Published: July 15, 2025, 4:10 pm
রাবিতে জুলাই উইমেনস ডে পালিত

রাবি প্রতিনিধি: সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই উইমেনস ডে ( July Women’s Day) পালন করা হয়। দিবসের কর্মসূচিতে এদিন সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের এক শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম,  কলেজ ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ অংশ নেন।  


র‌্যালি শেষে বেলা ১০:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর রায়হানা শাম্স ইসলাম, ফিশারীজ বিভাগের প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ। ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম আলোচনা সভাটি সঞ্চালনা করেন।


আলোচনা সভায় উপাচার্য বলেন, আমি আমি আমি, এটুকুই জুলাই-আগস্টের যে স্পিরিট তা নষ্ট করার জন্য যথেষ্ট। জুলাই অভ্যুত্থানের প্রকৃত স্পিরিট ছিল ‘আমি’ নয় ‘আমরা’। এখন ‘আমরা’ থেকে ‘আমি’ শক্তিশালী হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানে যে সুযোগ এসেছিল তা নষ্ট হয়ে যাবে। আলাদা করে আমি নারীদের নিয়ে বেশি কথা বলতে চাই না। আমরা দেখেছি, প্রতিদিনই দেখছি, আর সবার মতো দেশের প্রতি যে দায়িত্ব ও কতর্ব্য তারা পালন করেছে তা কারো থেকে বেশিও নয়, আবার কমও নয়, তারা সমানে সমানে দায়িত্ব পালন করেছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে নারীদের নিয়ে যখন কথা হয় তখন মায়া ও আগুন একসাথে চলে আসে, সেটা এক ভিন্ন মাত্রা পায়। মায়া ও আগুনের সম্মিলন নারীরা যেভাবে সহ্য করতে পারে পুরুষরা সেটা পারে না। জুলাই আন্দোলনে মায়া ও আগুন নারীরা যেভাবে সামলেছে সেটা এক অসাধারণ ব্যাপার।