বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীকে হয়রানি রোধে সহায়তা সেল গঠন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দু'জন সহকারী প্রক্টরের সমন্বয়ে এ সেল গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সহায়তা সেলের সদস্য হলেন, সহকারী দু'জন প্রক্টর অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. রতন কুমার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এই প্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
এতে আরও বলা হয়, এই বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুইজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্যদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সহায়তা সেলের সদস্য সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করবো। এক্ষেত্রে কোনো শিক্ষার্থী নিজ এলাকায়ও প্রশাসনের হয়রানির শিকার হলে এবং আমাের অবগত করলে আমরা ব্যবস্থা নিব।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানকালে এবং শহর থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।