রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী রবিবার (০৫ জানুয়ারি)। দুপুর ১২টা থেকে অনলাইনে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিগত বছরের মতো এ বছরও তিনটি ইউনিটে (মানবিক ‘এ’, ব্যবসা ‘বি’, ও বিজ্ঞান ‘সি’) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫৫ টাকা অনলাইনে পরিশোধ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মানবিক শাখা তথা ‘এ’ ও ব্যবসা শাখা তথা ’বি’ ইউনিটে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখা তথা ’সি’ ইউনিটে ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ পয়েন্ট থাকতে হবে। এছাড়া বিষয়ভিত্তিক শর্তও প্রযোজ্য হবে।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন ২১ জানুয়ারি শুরু হবে এবং চার ধাপে ৭ ফেব্রুয়ারি শেষ হবে। অনলাইনে চূড়ান্ত পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক ইউনিটে ১ হাজার ৩২০ টাকা এবং ব্যবসা ইউনিটে ১ হাজার ১০০ টাকা ফি দিতে হবে। এবারও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল ২০২৫ তারিখে যথাক্রমে 'বি', 'এ' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বেগম রোকেয়া (রংপুর), জগন্নাথ এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহে অনুষ্ঠিত হবে।এক্ষেত্রে প্রাথমিক আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রসমূহের নাম উল্লেখ করতে হবে।
ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৯২ হাজার করে ভর্তিচ্ছু অংশগ্রহণ করতে পারবেন। ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে এক ঘণ্টার এই পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। ন্যূনতম পাশ নম্বর থাকবে ৪০ এবং ৪টি ভুল উত্তরে ১ নম্বর কাটা হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।