স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে কিছু দল যাদের নেই কোন সমর্থক, তারাই রাজনৈতিক পরিস্থিতি উপ্তপ্ত করার ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী একটি দল এখন আবার পিআর পদ্ধতি দাবী করছে। তারা আসলে এ দেশের কোনদিন ভাল চায়নি। প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ হোক তা তারা চায়নি। এই দল সকল অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান দখল করছে।
শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জামায়াত মনে করছে এভাবেই ক্ষমতায় যাওয়া যাবে। কিন্তু বিএনপি কখনো দখলবাজে বিশ্বাস করেনা।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৪ সালে ৫ আগস্টের পরেরদিনই নির্দেশনা দেন সকল জনগণের জান ও মাল রক্ষা করতে। বিএনপি এখন পর্যন্ত তা পালন করে যাচ্ছে। এটাকে স্বাধীনতা বিরোধী চক্র মনে করছে বিএনপি’র দুর্বলতা।
তারা মনে করছে ক্ষমতায় তারা বসে গেছে। তারা আসলে গভীর ঘুমের স্বপ্নে বিভোর হয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে অরাজকতা শুরু হয়ে গেছে। শুক্রবার গণপরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল ইসলাম নুরকে সম্পুর্ন ষড়যন্ত্রমূলকভাবে বিনা কারনে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়েছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। এ নিয়েও চলছে ষড়যন্ত্র।
তিনি বলেন, পিআর পদ্ধতি বলে শব্দ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবেনা। এদেশের জনগণ ব্যালেটের মাধ্যমে নিজের পছন্দমত ব্যক্তিকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। এই ধারাই অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি সাতদিনব্যাপি কর্মসুচী ঘোষনা করেন। আর এ সকল কর্মসূচীতে সকল নেতাকর্মী এবং জনগণকে অংশগ্রহন করার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী শাখার সদস্য সাবেক চেয়ারম্যান সাজাহান আলী।
পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, আব্দুল মান্নাফ মুন্নাফ, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন ও পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।