৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬
রাজশাহীতে মানববন্ধন

রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি

Admin Published: December 11, 2025, 4:39 am
রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ, ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয়েছে। বুধবার রাজশাহী নগরীর অলকার মোড়ে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে। অধিকারের রাজশাহী কো-অর্ডিনেটর ও সাংবাদিক মঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদেকুল ইসলাম স্বপন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, গুমের শিকার হওয়া মাসুদ রানা, ইব্্রাহীম হোসেন সরকার এবং আল-আমিন, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন ফিরোজ, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার কর্মী কাজী নুরুল ইসলাম, অধিকার কর্মী এম শামীম প্রমুখ। মানববন্ধনে ‘অধিকার’-এর বিবৃতি পাঠ করেন মানবাধিকার কর্মী হাবিবুল্লাহ মোহাম্মদ কাউছারী।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আজ গণঅভ্যুত্থানের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জনগণ কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটালেও মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা এখনও বন্ধ হয়নি। 

বক্তারা বলেন, অতীত সরকারের সময়কার অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থা এখনো বহাল থাকায় অসংখ্য নিরীহ মানুষ কারাগারে বছরের পর বছর আটক রয়েছেন। নিম্ন আদালতে নির্যাতনের মাধ্যমে নেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগও উদ্বেগজনক। যদিও অন্তর্বর্তীকালীন সরকার অপশনাল প্রটোকল অব কনভেনশন এগেনস্ট টর্চার (অপক্যাট) ও জাতিসংঘের গুম সংক্রান্ত কনভেনশন অনুস্বাক্ষর করায় মানবাধিকার সুরক্ষায় অগ্রগতি হয়েছে, তবুও গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এ থাকা মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা বেড়ে চলেছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য হুমকি। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা সহিংসতাকে আরও উসকে দিচ্ছে। ইতোমধ্যেই এসব সহিংসতায় বহু প্রাণহানি ঘটেছে।

অনলাইনে নারীর প্রতি সহিংসতা, সামাজিক নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি ও গণপিটুনির মতো ঘটনার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে, যা একটি সভ্য রাষ্ট্রব্যবস্থার জন্য অশনি সংকেত। মানববন্ধনে বক্তারা মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।