৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী-৩ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী আবুল কালাম

Admin Published: December 29, 2025, 1:20 pm
রাজশাহী-৩ আসনে মনোনয়ন জমা দিলেন জামায়াত প্রার্থী আবুল কালাম

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তিনি টানা পাঁচবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিনের অভিজ্ঞ এই জনপ্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ ছাড়েন। মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন,“বর্তমানে নির্বাচনী মাঠে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক লক্ষণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন,“রাজশাহী-৩ আসনের জনগণের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। টানা পাঁচ বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি জাতীয় সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।

এ সময় তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন,“সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপি থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ্যাড. শফিকুল হক মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।