৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী ডিবি পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার

Admin Published: September 16, 2025, 8:36 pm
রাজশাহী ডিবি পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তানোরে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের আট সদস্যকে জয়পুরহাট ও নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম।

পুলিশ জানায়, গ্রেপ্তার আটজন হলো, বগুড়ার আদমদিঘীর ছাতিয়ান চৌধুরীপাড়া গ্রামের শাহাদত হোসেন কলম (৩৩), নওগাঁ মান্দার আবিদ্যপাড়া গ্রামের শান্ত ইসলাম (২৬), পিরোজপুরের নাজিরপুর বাকশি গ্রামের বেলাল হোসেন (৩০), নওগাঁর ধোপাইলকুড়ি গ্রামের শুকুর আলী (৫২), জয়পুরহাট আক্কেলপুরের দারাড়কুল গ্রামের শাকিল হোসেন (৪০), নওগাঁ বদলগাছীর রামশাপুর গ্রামের রানা হোসেন (২৪), একই গ্রামের রাসেল হোসেন (২২) ও নওগাঁর খাঁস নওগাঁ চক এলাম ইদুর বটতলা গ্রামের এখলাছ রহমান মিন্টু (৪২)।

পুলিশ কর্মকর্তা রফিকুল আলম জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ির মূল দরজা ভেঙে ঢুকে সবাইকে গামছা দিয়ে বেঁধে ফেলেছিলেন। পরে চারটি মোবাইল ফোন, আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল লুট করে পালিয়ে যান।

এ ঘটনায় তানোর থানায় একটি মামলা হয়। ডিবি পুলিশ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে সাত ডাকাতকে এবং নওগাঁ সদর উপজেলার ইদুর বটতলা এলাকার মনোরমা জুয়েলার্স থেকে অন্য একজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম ও ডাকাতি করা ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার এই ডাকাতদের আদালতে তোলা হয়েছিল। এ সময় শুকুর আলী আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত সবাইকে কারাগারে পাঠিয়েছেন। এই ডাকাতরা দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা আছে।