৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরণ শুরু

Admin Published: July 14, 2025, 5:06 pm
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ শুরু করেছে রাজশাহী জেলা পরিষদ।সোমবার জেলা পরিষদ সভাকক্ষে দুই দিনব্যাপী চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব এবং রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। 

এ ছাড়া জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এ. কে. এম আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় এবারের শিক্ষাবৃত্তির আওতায় এসএসসি/সমমান পর্যায়ের ২১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং এইচএসসি/সমমান পর্যায়ের ২৬৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হচ্ছে।

আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জেলা পরিষদ প্রতিবছর এ ধরনের শিক্ষাবৃত্তির আয়োজন করে আসছে।