১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহী কলেজে তথ্য ও কালেক্টরেট মাঠে বইমেলা কাল শুরু

Admin Published: December 17, 2024, 5:34 pm
রাজশাহী কলেজে তথ্য ও কালেক্টরেট মাঠে বইমেলা কাল শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বুধবার থেকে একইদিনে পৃথকস্থানে শুরু বই ও তথ্যমেলা। নগরীর কালেক্টরেট মাঠে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা আর রাজশাহী কলেজে শুরু হবে দুদিনের তথ্য মেলা।  

তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এবং সহজে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে  রাজশাহী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজন করেছে তথ্যমেলা। রাজশাহী কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মেলায় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সকল স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারিÑবেসরকারি প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। 

মেলার প্রথম দিন বিকাল তিনটায় উদ্বোধন এবং ‘স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার তথ্য ভিত্তিক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

এদিকে রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ বুধবার। সাত দিনব্যাপী এ বই মেলা ২৬ ডিসেম্বর শেষ হবে। রাজশাহী কালেক্টরেট মাঠে এবারের বইমেলা অনুষ্ঠিত হবে। মেলায় ঢাকার ৭১টি, স্থানীয় ২টি এবং সরকারি ৮টি বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজনে, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হবে। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।  আয়োজক কমিটি হতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মেলায় বিভাগের ৮ জেলা থেকে আগত শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সেই সঙ্গে থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলাকে আরও প্রাণবন্ত করে তোলার জন্যে প্রত্যেকদিন আলোচনাসভার আয়োজন করা হয়েছে যেখানে বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ হবে এবং এর উপর হবে বিদগ্ধ আলোচনা।  আয়োজনে আরো থাকছে শিশু-কিশোরদের  কুইজ, চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতা।