স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজে ক্লাস চলাকালীন ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে বহিরাগত এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ওই যুবকের নাম কৃষ্ণকুমার ঘোষ। সে নগরের বাসিন্দা তবে রাজশাহী কলেজের শিক্ষার্থী নন।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশে হস্তান্তর করে। আটক যুবক ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছে অন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ক্লাস চলাকালে কৃষ্ণকুমার একটি ক্লাসে ঢুকে পড়েন। তার পরনে সাধারণ পোশাক থাকলেও সঙ্গে ছিল না কোনো ব্যাগ, বই বা খাতা। ক্লাসে ঢুকে সে বেশ কয়েকজন ছাত্রীর কাছে নাম ও পরিচয় জানতে চায়। ছাত্রীদের কেউ কেউ বিষয়টি সন্দেহজনক মনে করে ছেলে সহপাঠিদের জানান।
এরপর ক্লাসের ছাত্ররা তাকে তার রোল নম্বর জিজ্ঞেস করলে প্রথমে বলেন ৮৪, পরে বলেন ১৮৪। কিন্তু ওই সময় রোল নম্বর ১৮৪-এর প্রকৃত শিক্ষার্থী সাইফুদ্দিন ক্লাসে উপস্থিত ছিলেন। এতে সন্দেহ দানা বাঁধে।
শিক্ষার্থীরা জানান, ক্লাস শেষে ওই যুবক ছাত্রীদের উদ্দেশে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করে। তবে ছাত্রীদের জিজ্ঞেস করা হলে তারা জানান, কেউ তাকে চেনেন না। এরপর বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তাকে শিক্ষকদের কাছে নেওয়া হলে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশকে জানায়।
পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষ্ণকুমার স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরেই রাজশাহী কলেজে বিভিন্ন বিভাগের ক্লাসে গিয়ে ছাত্রীদের সঙ্গে পরিচয়ের চেষ্টা করতো।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, যাকে আটক করা হয়েছে, সে কলেজে ঘুরতে এসেছিলো। ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।