৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

Admin Published: December 24, 2025, 6:49 pm
রাজশাহী ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

স্টাফ রিপোর্টার : রাজশাহী ক্যাডেট কলেজে ৫৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কলেজ মাঠে তিন দিনব্যাপী আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অ্যাডজুটেন্ট মেজর ফাহিন আহম্দেসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভিভাবক প্রাক্তন ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় রাজশাহী ক্যাডেট কলেজের খালিদ হাউস, কাসিম হাউস এবং তারিক হাউসের ক্যাডেটরা ২৭টি ইভেন্টে তিনদিন ব্যাপি এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। সারা বছরের একাডেমিক ও সহ-পাঠ্যক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে তারিক হাউসকে চ্যাম্পিয়ন ও কাসিম হাউসকে রানার আপ হাউস রানার্স আপ হিসেবে ঘোষনা করা হয়। প্রতিযোগীতায় অসাধারন ক্রীড়া নৈপুন্য দেখানো বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের শিক্ষার্থীরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, রাজশাহী ক্যাডেট কলেজ ১৯৬৬ সাল থেকে অদ্যাবধি শিক্ষা, শৃঙ্খলা ও খেলাধুলায় উত্তরবঙ্গের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুবিদিত। এখানে ক্যাডেটদের তিনটি হাউসে আধুনিক সুযোগ-সুবিধাসহ সার্বক্ষণিক তদারকির মাধ্যমে মেধা ও মনন বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয়।