৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাজশাহী মহানগরজুড়ে জামায়াত প্রার্থীর শোডাউন

Admin Published: November 15, 2025, 6:38 pm
রাজশাহী মহানগরজুড়ে জামায়াত প্রার্থীর শোডাউন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীজুড়ে বিশাল শোডাউন দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সকাল থেকে দিনভর নগরীজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শোডাউন দেওয়া হয়। রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগরী শাখার নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলের নেতাকর্মীদের নিয়ে এ মোটরসাইকেল শোডাউন দিয়েছেন।

সকাল ১০টা থেকে নগরের নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড এলাকা থেকে এ শোভাযাত্রাটি শুরু হয়। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান। আর তার পেছনে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। শোডাউন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর নগরের দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোডাউন শেষ হয়।

জামায়াতে ইসলামীর নেতারা জানায়, এ আসনে মনোনীত প্রার্থীর সঙ্গে নগরীর ভোটারদের পরিচয় ও শুভেচ্ছা জানানোর জন্য এ শোডাউনের আয়োজন করা হয়। এ শোডাউনে নগর জামায়াতের কয়েক হাজার মোটরসাইলে নিয়ে নেতাকর্মীরা দাড়িপাল্লা মার্কা পরিহিত টি-শার্ট পড়ে শোভাযাত্রায় অংশ নেন।