৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Admin Published: July 3, 2025, 2:59 pm
রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকমীরা।

মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়ে বক্তারা বলেন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে মেরুদন্ডহীনদের দিয়ে। এ কমিটির অনেকে আওয়ামী লীগের সঙ্গে তাল মিলয়ে চলেছে। বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির নেতা যারা আছেন, তারা আওয়ামী লীগের আমলে কোন মামলায় পড়েন নি। মানববন্ধন থেকে তাদের নেতৃত্ব অযোগ্য বলে আখ্যা দেন নেতারা। এই কমিটিকে ‘নব্য আওয়ামী আহ্বায়ক কমিটি’ হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এটি বিএনপির ত্যাগী ও আদর্শিক রাজনীতির পরিপন্থী। তারা বলেন, যারা আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপিকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বক্তারা বলেন, বর্তমান কমিটির মেয়াদ ইতোমধ্যেই শেষ, তাই এদের আর কোনো সাংগঠনিক অধিকার নেই। এখন সময় এসেছে নতুন একটি শক্তিশালী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের। তারা অবিলম্বে নতুন নগর কমিটি গঠনের দাবি জানান।

কর্মসূচিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়ার সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানার সাবেক সভাপতি আনসার আলী আনসারম শাহমখদুম থানা বিএনপির সাবেক সভাপতি মাসুদ-শাহ, বিএনপি নেতা রবিউল আলম মিলু, আলী হোসেন, মুক্তার হোসেন, মতিন-শাহ, রাজশাহী বিভাগীয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি প্রমুখ বক্তব্য রাখেন।